২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গাচড়ায় ৫০ হাজার মানুষ পানিবন্দি

প্রবল বর্ষণ ও উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাঁচ ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। এতে বহু আমন ক্ষেত তলিয়ে গেছে ও শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 08:42 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

রংপুর পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান শাখার (হাইড্রোলজি বিভাগ) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশিদ জানান, উজান থেকে নামা ঢলের কারণে শনিবার ভোর থেকে তিস্তা নদীর পানি গঙ্গাচড়া উপজেলার মহিপুর পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, অস্বাভাবিক পানি বেড়ে যাওয়ায় উপজেলার তিস্তা তীরবর্তী নোহালী, কোলকোন্দ, লক্ষ্মীটারী, আলবিদিতর ও গজঘণ্টা ইউনিয়নের ২৫টি গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  

তিনি বলেন, “শনিবার বিকালে পানিবন্দি এলাকা পরিদর্শন করেছি। আমন ক্ষেত, শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।”

ত্রাণ সামগ্রীর জন্য সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর ইসলাম জানান, তার ইউনিয়নের চিলাখাল, মটুকপুর, চর চিলাখাল, খলাইর চর, সাউদপাড়া, উত্তর কোলকোন্দ, দক্ষিণ কোলকোন্দ গ্রামের আট হাজার মানুষ।

প্লাবিত গ্রামগুলোতে খেটে খাওয়া মানুষের বাস। পানিবন্দি হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছে বলে জানান তিনি।   

লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের আবু তালেব জানান, “দুইটা পকরোত (পুকুর) পাঁচ হাজার টাকার বিভিন্ন জাতের পোনা ছাড়া হচিল। বানে পানিত সউগ ভাসি গেইচে।”

রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পানিবন্দি মানুষের তালিকা করতে বলা হয়েছে। রোববার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।”