২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার নীতিমালা, উদ্বিগ্ন না হতে পরামর্শ নৌমন্ত্রীর

সাংবাদিকদের ‘খেয়াল খুশি মত’ যেকোনো কথা বলা অনুচিত বলে মন্তব্য করে সম্প্রচার নীতিমালা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 04:40 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বুধবার রাতে মাদারীপুর সার্কিট হাউজে এক মতবিনিময় সভার শেষে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “সাংবাদিকদের তাদের খেয়াল খুশিমত যেকোনো কথা বলা, এটা কিন্তু অনুচিত। একটা নীতি নৈতিকতার প্রশ্ন আছে। সে বিষয়টি কিন্তু সাংবাদিকদেরও অনুসরণ করা উচিত।”

সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়- এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে টেলিভিশন ও রেডিওর জন্য গত ৮ অগাস্ট সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

এই নীতিমালা নিয়ে বিএনপি ও সাংবাদিকদের একটি অংশ সমালোচনা করে আসছে।

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তবে সেই সমালোচনাকে  ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “কণ্ঠরোধের জন্য নয়, এটি করা হয়েছে গণমাধ্যমের কল্যাণের জন্য।”

একই অভিমত জানিয়ে শাজাহান খান বলেন, “সম্প্রচার নীতিমালায় সাংবাদিকদের বিষয়ে বলা হয়েছে একটি কমিশন গঠন করা হবে। তার আগে একটি সার্চ কমিটি ও সাংবাদিকদের মতামত নেয়া হবে। তারপর একজন নিরপেক্ষ ব্যক্তি, যিনি অরাজনৈতিক হবেন তাকে নিয়ে কমিশন গঠন করা হবে।

“এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হবে। এ নিয়ে উদ্বেগের কারণ নেই।”

মাদারীপুর পৌর সভার আয়োজনে ‘মাদারীপুর শকুনী লেক ও পৌর পার্ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ সভাপতিত্ব করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।