বাংলাদেশে সড়কের ২০৮টি স্থান ‘দুর্ঘটনাপ্রবণ’
বাংলাদেশের মোট সড়ক-মহাসড়কের ২০৮টি স্থানকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এক গবেষণায়।
নয়টি জাতীয় মহাসড়কের ৫৭ কিলোমিটার জায়গার মধ্যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে বলেও পিপিআরসি ও ব্র্যাকের চালানো ওই গবেষণায় উঠে এসেছে।
দুর্ঘটনা নিয়ে গবেষণার পর বুধবার ‘বাংলাদেশের সড়ক নিরাপত্তা : বাধা ও বাস্তবতার প্রেক্ষাপট’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে তারা।
অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, কার্যকর ব্যবস্থা নেয়ায় সড়কে দুর্ঘটনার হার কমে আসছে।
এক্ষেত্রে ঢাকা-আরিচা মহাসড়ককে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “ঈদের সময় অনেক দুর্ঘটনা হয়েছে, কিন্তু আরিচা মহাসড়ক, যেটা প্রতিদিনের মৃত্যুফাঁদ ছিল, তাতে কোনো এক্সিডেন্ট হয়নি।”
দুর্ঘটনা রোধে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে যোগাযোগমন্ত্রী বলেন, আরিচা মহাসড়কের ১১টি দুর্ঘটনাপ্রবণ মোড় প্রশস্ত করে মাঝখানে বিভেদক দেয়া হয়েছে। এতে খরচ হয়েছে মাত্র ২৩ কোটি টাকা।
চট্টগ্রামের কেরানীহাট থেকে বান্দরবান সড়কে নিয়মিত দুর্ঘটনা হত জানিয়ে তিনি বলেন, এখন রাস্তা প্রশস্ত করায় ও উঁচু-নিচুগুলো ঠিক করে ফেলায় কোনো দুর্ঘটনা নেই।
অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ৯টি জাতীয় মহাসড়কের ৫৭ কিলোমিটার জায়গার মধ্যে সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে। দুর্ঘটনাপ্রবণ স্থান রয়েছে ২০৮টি। ৪১ শতাংশ দুর্ঘটনা ঘটছে বাসস্ট্যান্ড, ২৮ শতাংশ রাস্তার ধারে গড়ে ওঠা হাটবাজারে ও ১৮ শতাংশ ঘটছে মোড়গুলোতে।
পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমানে জাতীয় ও স্থানীয় সড়কে চলাচল করছে প্রায় ১৬ লাখ নিবন্ধিত যান। গত এক দশকে গাড়ির বিপরীতে মৃত্যুর হার কমেছে।
তিনি বলেন, ২০০০ সালে প্রতি ১০ হাজার গাড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ছিল ৭৫টি, ২০১১ সালে তা নেমে দাঁড়িয়েছে ২০টিতে।
আধুনিক আইন প্রণয়ন, ঝুঁকিপূর্ণ স্থান হালনাগাদ করা, ট্রাফিক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠাসহ দুর্ঘটনা রোধে ১০টি সুপারিশ উপস্থাপন করেন তিনি।
দুর্ঘটনার কারণ হিসেবে গতিরোধকের কথা প্রতিবেদনে উল্লেখ না থাকার সমালোচনা করেন যোগাযোগমন্ত্রী।
বিভিন্ন স্থানে দুর্ঘটনার পর জনদাবিতে গতিরোধক বা স্পিডব্রেকার দেয়া হলেও এগুলোকেই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেন তিনি।
“স্পিডব্রেকার মারাত্মক বিষয়। স্পিডব্রেকার দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।”
দুর্ঘটনা রোধে সরকার কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনো অনেক দূর পথ পাড়ি দিতে হবে।
“এখানে অনেক সমস্যা রয়েছে।ভোটের রাজনীতি আমাদের অনেক সমস্যা করে। ভোটের রাজনীতির কথা বলে অবৈধ দখলমুক্ত করা যাচ্ছে না।”
নিজের অসহায়ত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “অনেক কাজ করতে গিয়ে বাধা পাই। সব কথা তো আমি বলতে পারি না।
“আমি ইচ্ছে করলেই সব পারি না, কিছু রাজনৈতিক কারণও রয়েছে। নসিমন, করিমন, ইজিবাইক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাই বাধা হয়ে দাঁড়ায়। তারা প্রশাসনকে করতে দেয় না। এগুলোর সঙ্গে অনেকের স্বার্থ জড়িত।”
মন্ত্রীর ‘কষ্ট’, তবে হতাশ নন
যোগাযোগ খাতের অনেক উন্নয়ন করা হলেও তা নিয়ে প্রচার কম বলে অনুযোগ প্রকাশ করেন ওবায়দুল কাদের।
রাজধানীর সড়কের জন্য নাগরিকরা যোগাযোগমন্ত্রীকে দায়ী করলেও এক্ষেত্রে নিজের দায় নেই বলে দাবি করেন যোগাযোগমন্ত্রী।
তিনি বলেন, দুই-তিনটা ফ্লাইওভার ছাড়া এ সিটির রাস্তা তার অধীনে নয়।
এই প্রসঙ্গে চট্টগ্রামে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “একটা রাস্তাও ঠিক নেই। আমাকে সাতদিন দায়িত্ব দাও, আমি সব রাস্তা প্রিপেয়ার করে দেব।”
আগামী মাস থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করবেন বলে জানান মন্ত্রী। মেট্রো রেলের জন্য আগামী জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান তিনি।
রাস্তার উন্নয়নে মন্ত্রীর তদারকি কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবও দেন ওবায়দুল কাদের।
“অনেকে বলে, মন্ত্রী কেন দৌড়াদৌড়ি করে? লাফালাফি করে? আরে মন্ত্রী লাফালাফি করে না। চন্দ্রাতে আমি মৌসুমী দৌড়ঝাঁপ করিনি। পাঁচ মাস আগেই গিয়ে সমাধান বের করেছি। এসব কাজে মন্ত্রীর যেতে হয় কেন? সিইং ইজ বিলিভিং। আমি গিয়েই ব্যবস্থা নিই।”
মন্ত্রীর এই পরিদর্শন দেশের মানুষও ‘ভালো চোখে’ দেখে বলেও দাবি করেন তিনি।
