বরিশালে পাস ৭১.৭৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৫, যা গতবারের চেয়ে শূন্য দশমিক ০৬ শতাংশ বেশি। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর বেশ ভালোই বেড়েছে।
এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২২৫ জন।
এর আগে গত বছর পাসের হার ছিল ৭১ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৮৫৩ জন।
বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।
ফলের পরিসংখ্যানে দেখা যায়, ৫৪ হাজার ৯১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৯ হাজার ৪০২ জন। এদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৬৯৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৯ জন।
এ বোর্ডে পাসের হারের দিক দিয়ে ছাত্রীরা এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৮০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
দেশের আট হাজার ১০৪টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭৮ দশমিক ৩৩। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।
গত ৩ এপ্রিল থেকে ১৬ জুন দেশের দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ড সেরা ৫ কলেজ
সার্বিক বিবেচনায় এবারও বোর্ডে ১ম স্থানে বরিশাল ক্যাডেট কলেজ, ২য় স্থানে বরিশাল অমৃত লাল দে কলেজ এবং ৩য় স্থানে রয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ।
এছাড়া বরগুনা আমতলী কলেজ ৪র্থ ও বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ৫ম স্থানে রয়েছে।
বরিশাল ক্যাডেট কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
২য় স্থানে অবস্থানকারী বরিশাল অমৃত লাল দে কলেজের ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩০ জন।
অন্য দিকে ৩য় স্থানে থাকা বরিশাল সরকারি মহিলা কলেজের ৮৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৯২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন।
৪র্থ স্থানে থাকা বরগুনা আমতলী কলেজের ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫২ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।
এছাড়া ৮০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০৪ জন পাস করেছে ৫ম স্থানে থাকা বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।
শূন্য পাসের কলেজ
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অংশ নেয়া দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করতে পারেনি।
এর মধ্যে পটুয়াখালীর দশমিনা গুলি আউলিয়াপুর মডেল কলেজে পরীক্ষার্থী ছিল ১৮ জন এবং পিরোজপুর নেছারাবাদ ডাইহারী মহাবিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৮ জন।
