মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২
মাগুরা সদর উপজেলায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
নিহত বিজিবি সদস্য জুয়েল রানা (৩৬) তার কর্মস্থল খাগড়াছড়ি থেকে চুয়াডাঙ্গায় বাড়িতে ফিরছিলেন। নিহত অপর যুবক আহমেদ হোসেনের (৩২) বাড়ি মেহেরপুরে।
হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, বৃস্পতিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই বিজিবি সদস্য জুয়েল রানা ও আহমেদ হোসেন মারা যান।
আহত বাসযাত্রীদের মধ্যে মুরাদ, সেতু, রেজাউল, আলমগীর নামের চারজনসহ পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
