মিয়ানমারে ‘ব্রেইন ফিভার’, সীমান্তে সতর্কতা
মিয়ানমারের মংডু শহরে ভাইরাসজনিত একটি রোগ ছড়িয়ে পড়ায় কক্সবাজার সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
মঙ্গলবার রাতে কক্সবাজারের জেলা প্রশাসক মো.রুহুল আমিন বলেন,বাংলাদেশের নিকটবর্তী মিয়ানমারের মংডু শহরে একটি ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়েছে, যাকে স্থানীয়ভাবে ‘ব্রেইন ফিভার’ বলা হচ্ছে।
“এতে অনেকে মারা যাওয়ার খবরও শোনা যাচ্ছে। এর প্রেক্ষিতে উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষার নিদের্শ দেয়া হয়েছে।”
এরইমধ্যে সীমান্তে একটি চিকিৎসক দল কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ বলেন,“টেকনাফ স্থল বন্দরের ইমিগ্রেশনে একটি মেডিকেল টিম কাজ শুরু করেছে। তারা স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।”
কক্সবাজারে বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম জানান,মিয়ানমারে ‘ব্রেইন ফিভার’ এ আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবর তারাও শুনেছেন। এ পরিপ্রেক্ষিতে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
