বিয়ের ‘টোপ’ দিয়ে অপহরণ, মিরপুরে ব্যবসায়ী উদ্ধার
পত্রিকায় বিজ্ঞাপন দেখে বিয়ের জন্য রাজধানীতে এসে অপহৃত পঞ্চাশোর্ধ্ব এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব।
উদ্ধার হওয়া আশরাফউদ্দীন (৫৩) ময়মনসিংসহ সদরের বাসিন্দা।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, মঙ্গলবার বিকেলে রূপনগর থানা এলাকার ইস্টার্ন হাউজিংয়ের ১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের ফ্ল্যাট থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
র্যাব-৪-এ কর্মরত এএসপি বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হওয়ার পর আবার বিয়ের জন্য পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন দেখে সোমবার সকালে ঢাকা আসেন আশরাফউদ্দীন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথা তুলে ধরে বদরুল বলেন, এক নারীর সঙ্গে ওই বিজ্ঞাপনের সূত্র ধরে তার সঙ্গে তার যোগাযোগ হয়। তিনি ঢাকায় এলে নারী ও কয়েকজন পুরুষ তাকে ওই বাসায় নিয়ে যায়। তারা তার বোনের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে এবং তাকে মারধর করে।”
তবে তদন্তের স্বার্থে ওই নারীসহ অপহরণকারীদের পরিচয় প্রকাশ করতে চাননি এই র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, তার বোনের কাছ থেকে অভিযোগ পেয়ে অপহরণকারীদের মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করার পর ওই এলাকায় অভিযান চালায় র্যাব। তবে অপহরণকারীদের কাউকে ধরতে পারেনি র্যাব।
র্যাব কর্মকর্তা বদরুল বলেন, “উদ্ধারের পর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে মিরপুর ১১ নম্বর সেকশনের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তিনি সুস্থ হলে তাকে তার বোনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
