২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলক্রসিং রক্ষণাবেক্ষণ নিয়ে সংসদীয় কমিটির অসন্তোষ

দেশের রেলক্রসিংয়ের রক্ষণাবেক্ষণ নিয়ে অসন্তোষ জানিয়ে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে বলেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 08:50 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

মঙ্গলবার কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয় বলে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী জানান।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে দুই  হাজার ৫৪১টি রেলক্রসিং রয়েছে। এর মধ্যে অনুমোদিত রেলক্রসিং এক হাজার ৪১৩টি এবং অননুমোদিত এক  হাজার ১২৮টি।

ফজলে করিম বলেন,“রেলওয়ের নিয়ম অনুযায়ী যে ক্রসিং ব্যবহার করবে সে এর রক্ষণাবেক্ষণ করবে। এর মানে হলো সড়ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ যদি ব্যবহার করে তবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তার।

“কিন্তু নিয়ম থাকলেও সেটি মানা হচ্ছে না। কমিটি স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বলেছে। পাশাপাশি রেলওয়ে মন্ত্রণালয়কেও বিষয়টি নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে।”

সারা দেশের রেলক্রসিংগুলোতে ওভারপাস তৈরির জন্য মন্ত্রণালয় একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) তৈরি করছে বলেও জানান তিনি।

কমিটির সদস্য ইয়াসিন আলী সাংবাদিকদের বলেন,“দুর্ঘটনার জন্য অবশ্যই কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আর দুর্ঘটনা রোধে চেক পোস্ট স্থাপন এবং তা রক্ষণাবেক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।”

গত ১ অগাস্ট গভীর রাতে ঝিনাইদহে একটি রেলক্রসিংয়ে বরযাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভূমি বরাদ্দ নীতিমালার আলোকে বরাদ্দকৃত ভূমির সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা হয়। এ সময় যে সব প্রতিষ্ঠান রেলের জমি বরাদ্দ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিএনজি স্টেশনসহ নির্ধারিত অন্যান্য স্থাপনা তৈরি করেনি তাদের বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়।

সারা দেশে রেলওয়ের নিজস্ব জমি রক্ষণাবেক্ষণের জন্য বেষ্টনী নির্মাণেরও সুপারিশ করা হয়।

এছাড়া টিকেট কালোবাজারির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেয়া হয়।

কমিটি সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী,মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান,মো. সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রানী অংশ নেন।