২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট হয়রানি আর নয়: প্রধানমন্ত্রী

পাসপোর্ট পেতে বাংলাদেশের নাগরিকদের যেন হয়রানির শিকার না হতে হয়, সেদিকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 07:57 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৩টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) পাসপোর্ট দেয়ার কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

লক্ষ্মীপুরে পাসপোর্ট দেয়ার কার্যক্রম উদ্বোধনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সকলে যেন সঠিকভাবে পাসপোর্ট পায়। কেউ যেন হয়রানির শিকার না হয়।

“জনগণের সেবক হিসাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য জনগণের সেবক হিসাবে কাজ করা।”

২০১০ সাল থেকে বাংলাদেশে যন্ত্রে পা্ঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের ৩১টি জেলায় ৩৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং বিদেশে বাংলাদেশের ৪৮টি দূতাবাসে এমআরপি কার্যক্রম চালু করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৯০ লাখ পাসপোর্ট দেয়া হয়েছে।

৩১টি জেলার পর অবশিষ্ট ৩৩টি জেলাতেও আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপনের পদক্ষেপ নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে লক্ষ্মীপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এবং নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করেছে।

অবশিষ্ট ২৮টি জেলাতেও পাসপোর্ট কার্যালয় স্থাপন করা হচ্ছে। এসব কার্যালয় থেকে পর্যায়ক্রমে ডিজিটাল পাসপোর্ট দেয়ার কাজ শিগগিরই শুরু হবে।

এই কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পর্যায়ক্রমে সব এলাকায় পাসপোর্ট অফিস করা হবে।

“এখন যে যার এলাকায় বসে পাসপোর্ট পাবে।”

আধুনিক পাসপোর্টের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী প্রবাসীদের যাতায়াতের বাধা দূর করতে বলেছেন।

প্রতিটি মানুষই ঘর পাবে

বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “একটি মানুষও ঘর ছাড়া থাকবে না।”

ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে অবস্থানরত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসে।

“আমাদের সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিটি মানুষ থাকার জন্য ঘর পাবে,” একথা বলে লক্ষ্মীপুরের ভূমিহীনদের তালিকা করতে জনপ্রতিনিধিদের বলেন তিনি।

“তালিকা করেন। যারা নিঃস্ব, তাদের আমরা ঘর তুলে দেব। একটা মানুষ যেন গৃহহারা এবং ভূমিহীন না থাকে।”

রামগতিতে নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকার প্রকল্প নেয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আসাদুজ্জামান কামাল।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “লক্ষ্মীপুর আগের লক্ষ্মীপুর নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় লক্ষ্মীপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।”

এই অনুষ্ঠানে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন মুখ্যসচিব আব্দুস সোবহান শিকদার, প্রেসসচিব একেএম শামীম চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

লক্ষ্মীপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. নোমান, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাবুদ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেন, জেলা প্রশাসক একেএম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন।