২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় দুর্ঘটনায় চালবাহী বাংলাদেশি ট্রাক

বাংলাদেশি একটি চালবাহী ট্রাক ভারতের ত্রিপুরায় দুর্ঘটনার শিকার হয়েছে, যাতে চালক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আগরতলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 09:16 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সোমবার ত্রিপুরার চানমারী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ পরিদর্শক সুব্রত চক্রবর্তী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি আশুগঞ্জ থেকে চাল নিয়ে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকেছিল। এটি আগরতলার কাছে নন্দননগর এলাকায় ইন্ডিয়ান ফুড কর্পোরেশনের (এফসিআই) গুদামে চাল নিয়ে যাচ্ছিল।

“দুর্ঘটনায় ট্রাকটির চালক মোহাম্মদ সুমন মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন।  তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকারি গোবিন্দা বল্লব প্যান্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। তবে তিনি আশঙ্কামুক্ত।”

সুব্রত চক্রবর্তী জানান, রাস্তার বাঁকে এসে হঠাৎ চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তায় কাত হয়ে পড়ে যায়।      

৫ হাজার টন চাল নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাদা বন্দর থেকে কলকাতা হয়ে ৫ অগাস্ট প্রথমবারের মতো একটি জাহাজ বাংলাদেশের আশুগঞ্জ নৌ-বন্দরে পৌঁছে।

নৌবন্দর থেকে (আগরতলা থেকে দূরত্ব ৩৭ কিলোমিটার)  বাংলাদেশি ট্রাক সেই পণ্য ভারতের নন্দননগরের সরকারি গুদামে চাল পৌঁছে দিচ্ছিল।