২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার জাল স্ট্যাম্প ও প্রাইজবন্ডসহ গ্রেপ্তার ২

ক্রেতা সেজে প্রায় কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও প্রাইজবন্ড তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 07:23 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

গ্রেপ্তাররা হলেন- জনতা ব্যাংকের মগবাজার শাখার নিরাপত্তারক্ষী মতিউর রহমান (৫৮) ও তার মেয়ে মাহমুদা রহমান।

সোমবার বেলা ১১টায় রাজধানীর মগবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “সকালে মগবাজার এলাকার সিআইডি সদস্যরা ক্রেতা সেজে খোকন টি স্টলের সামনে কোটি টাকারও বেশি মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও প্রাইজবন্ডসহ তাদের গ্রেপ্তার করে।”

তাদের সঙ্গে ব্যাংকের কোন কর্মকর্তা জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা বের করা হবে।

এ সময় অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফরিদা ইয়াসমিন, সিআইডির এএসপি (মিডিয়া) কাজী হুমায়ূন রশীদ উপস্থিত ছিলেন।