২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মী নিখোঁজ, কারখানায় শ্রমিকদের ভাংচুর

গাজীপুরের কাশিমপুরে দুই দিন ধরে নিখোঁজ সহকর্মীর সন্ধান না পেয়ে একটি পোশাক কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 05:25 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সোমবার সকালে নয়াপাড়া এলাকায় এ ঘটনার পর শিল্প পুলিশের সহায়তায় বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে ‘মাল্টিফ্যাব লিমিটেড’ নামে ওই কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, কারখানার কাটিং সেকশনের ‘থ্রিজারম্যান’ মেহেদী হাসানকে (২৪) হত্যা করে লাশ গুম করা হয়েছে এই অভিযোগ তুলে সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

এক পর্যায়ে শ্রমিকরা কারখানার জানালার কাঁচ ভাংচুর করে এবং বাইরে এসে পুলিশকে লক্ষ্য ইট ছুড়তে থাকে। পরে পুলিশ লাঠিপেটা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিখোঁজ মেহেদীর মামা আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার দুপুরের দিকে কাজে বের হন তার ভাগ্নে। এর পর থেকে তার কোনো খোঁজ নেই।

তিনি বলেন, সেকশনের কাজ নিয়ে কাটিং ম্যানেজার নাজিম উদ্দিনের সঙ্গে মেহেদীর ঝগড়া হয়। পরে নাজিমকে কারখানা থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এদিকে, কাটিং ম্যানেজার কারখানা থেকে বরখাস্ত হওয়ার পর চলে যাওয়ার সময় মেহেদীকে খুন-জখমের হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন মেহেদীর সহকর্মী মো. নাদিম।

মেহেদীর স্বজন ও সহকর্মীদের অভিযোগ, বরখাস্ত হওয়ায় ক্ষুব্ধ নাজিম কারখানার ছাদে মেহেদীকে খুন করে লাশ গুম করে দিয়েছে। ছাদে রক্তের মতো লাল দাগও রয়েছে।

তবে অভিযোগটিকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা বিভূতি হীরা বলেন, “ছাদের লাল রং কোনো রক্তের দাগ নয়, এটা হলো সিলেক্ট বালি থেকে বের হওয়া লাল রংয়ের পানি।”

শিল্প পুলিশ কর্মকর্তা নজরুলও বলেন, “পুলিশ ছাদে গিয়ে দেখেছে, এটি রক্তের দাগ নয়। সেখানে হত্যাকাণ্ডের কোন আলামতও পাওয়া যায়নি।”

বিভূতি হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৯ অগাস্ট বিকাল পৌনে ৫টার দিকে বেতন পাওয়ার পর নামাজ পড়ার কথা বলে কারখানা থেকে বের হয়ে যান ‘থ্রিজার ম্যান’ মেহেদী।

তিনি আরো জানান, গত ৬ অগাস্ট সেকশনের কাজ-কর্ম নিয়ে একই সেকশনের কাটিং ম্যানেজার নাজিমের সঙ্গে মেহেদীসহ কয়েকজনের সম্পর্কের অবনতি হয়। এতে কারখানার কাজ বিঘ্নিত হলে বুধবার নাজিমকে কারখানা থেকে অব্যাহতি দেয়া হয়।

নিখোঁজ পোশাক কর্মীর সন্ধান চলছে বলেও তিনি জানান।