পাবনায় চরমপন্থি নেতা গ্রেপ্তার
পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন নকশালের এক আঞ্চলিক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বনগ্রাম বাজার থেকে গ্রেপ্তার সিদ্দিকুর রহমান (৪২) আতাইকুলা থানার পদ্মবিলা গ্রামের কহের আলীর ছেলে।
আতাইকুলা থানার ওসি ফায়জুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশের একটি দল সিদ্দিকুরকে বনগ্রাম বাজারে স্বশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করার সময় গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি ফায়জুল।
