২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের ৩ মামলায় অভিযোগ গঠনে নতুন দিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনের তিন মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 01:01 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভূইঞা এই আদেশ দেন।

এর মধ্যে মির্জা ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে পল্টন থানার একটি মামলায় অভিযোগ গঠনের শুনানি আসামিদের সময়ের আবেদনে পিছিয়ে দেয়া হয়েছে। এ জন্য নতুন দিন রাখা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।

মির্জা ফখরুলসহ ২৬ আসামির বিরুদ্ধে শাহজাহানপুর থানার মামলাটিও একই কারণে পিছিয়ে গেছে। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে ২ সেপ্টেম্বর।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে পল্টন থানার মামলায় রোববার আংশিক শুনানি হয়েছে।

বাকি শুনানির জন্য আগামী ২৪ অগাস্ট নতুন দিন ধার্য করেছেন বিচারক।

আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্ত্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সহ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব আদালতে উপস্থিত ছিলেন।

তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মাসুদ আহমেদ তালুকদার।