সাভারে অপহৃত কিশোরী পাবনায় উদ্ধার
সাভার থেকে অপহৃত কিশোরীকে পাবনার আতাইকুলায় উদ্ধার করেছে পুলিশ।
এসময় অপহরণকারী রবিউল ইসলামকে (২২) আটক করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, শনিবার দুপুরে আতাইকুলা বাজার থেকে তাদের ধরে থানায় নেওয়া হয়।
উদ্ধারকৃত সুমাইয়া আক্তার (১৪) সাভার রাজারবাগ এলাকার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার বাবা আয়ুব আলী।
অপহরণকারী রবিউল পাবনার সুজানগর থানার নারুহাটা গ্রামের সামছুল শেখের ছেলে।
ওসি ফাইজুল বলেন, “ঢাকা জেলার সাভার থানায় সুমাইয়ার পিতা আয়ুব আলীর দায়ের করা মামলার সূত্র ধরে তাদের আটক করা হয়েছে।”
