২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক আরো দুটি বই প্রকাশের উদ্যোগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক আরো দুটি বই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 11:08 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘বেবী মওদুদ স্মরণসভা’য় তিনি এ তথ্য জানান।

শামসুজ্জামান খান বলেন, “বঙ্গবন্ধু তার জীবদ্দশায় ৪-৫টি বই লিখেছেন। ৬০’র দশকে তার ডায়েরি, আগরতলা ষড়যন্ত্র মামলা ও দুটি চীন সফর নিয়ে অন্তত চারটি বই প্রকাশ করা যাবে। দুটি বই নিয়ে কাজও চলছে।”

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনায় কাজ করেছেন শামসুজ্জামান খান এবং সদ্য প্রয়াত লেখক-সাংবাদিক বেবী মওদুদ।

মৃত্যুর আগ পর্য‌্ন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশাল অ্যাফেয়ার্স এডিটরের দায়িত্ব পালন করা বেবী মওদুদের ওই বই প্রকাশে সম্পৃক্ততা নিয়ে স্মৃতিচারণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

“উনি (বেবী মওদুদ) না থাকলে গুছিয়ে কাজ করা সম্ভব হতো না। ২০০২ সালের শেষের দিকে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে কাজ শুরু করেছিলাম। সুধা সদনে প্রতিদিন কাজের হিসেব রাখা, নোট করে রাখা সব করতো বেবী।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী সেদিনও বলছিলেন ‘ও না থাকায় কী রকম অসুবিধার মধ্যে যে পড়েছি। তারিখ ধরে-ধরে নোট রাখতো’।”

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার কথা তুলে ধরে শামসুজ্জামান খান বলেন, “শেখ হাসিনা যখন গ্রেপ্তার হন তখন বেবী ওই বইয়ের সব কাগজপত্র আমার বাসায় রেখে এসেছিলো। সে বলেছিলো, এগুলো যদি সুধা সদনে থাকে তবে নষ্ট হয়ে যেতে পারে। নিজের বাসার ক্ষেত্রেও তার একই ভয় ছিল।”

২০১২ সালে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়। প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বইটি প্রকাশ করে। বেবী মওদুদ বইটির সম্পাদনায় কাজ করেছিলেন।