রাজশাহীতে নকল ওষুধ কারখানা, আটক ২
রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানা পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে নগরীর বড়বনগ্রাম ভাড়ালিপাড়ার ওই বাড়িতে হানা দিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- পবা উপজেলার তেতুলিয়া গ্রামের জুয়েল রানা ও নাটোরের গৌরিপুরের কামাল হোসেন।
শাহমখদুম থানার ওসি সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়িতে অখ্যাত বিভিন্ন ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে যৌন শক্তিবর্ধকসহ বিভিন্ন নকল ওষুধ তৈরি করে বাজারজাত করা হতো। তবে এসব নকল ওষুধ তৈরির হোতা আব্দুল জলিল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
“নজরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে হোমিও ফার্মেসীর আড়ালে নকল যৌন উত্তেজক ওষুধ তৈরি করা হচ্ছিল। ভুয়া ঠিকানা ব্যবহার করে সোনালী হোমিও ল্যাব ফার্মাসিউটিক্যাল, অর্গান হারবাল ল্যাবরেটরি, সোনালী হারবাল ল্যাব ও এসএম ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম ব্যবহার করা হয়।”
