শুক্রবার সব মাছ ধরার নৌযানে আধাবেলা কর্মবিরতি
নৌ-প্রকৌশলী আলেক মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সব মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) আধাবেলা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসুচি ঘোষণা দেয় মেরিন ফিশারিজ অ্যাকাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন।
সমাবেশে বক্তারা বলেন, সমুদ্রের বিভিন্ন জাহাজ থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও সেখানে কর্মরতদের কোনো ধরনের নিরাপত্তা নেই।
তারা অভিযোগ করেন, গত ২৭ জুলাই সকালে ভেসেল থেকে সাম্পানে করে শহরে আসার সময় ‘ইডেন-২’ ফিশিং ভেসেলের প্রকৌশলী আলেক মিয়ার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় ‘ইডেন ফিশারিজ লিমিটেডের’ সাম্পান মাঝি মান্নান ও তার সহযোগী জসিম।
তারা আলেক মিয়াকে নদীতে ফেলে দেয়ার ২৭ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর সদরঘাট থানায় মামলা হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তারা।
সমাবেশ থেকে শুক্রবার কর্মবিরতির পাশাপাশি দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ফিশিং ভেসেলে কালো পতাকা উত্তোলিত রাখার ঘোষণা দেয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আহমদ।
