২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নেই, তাই হয়নি দুই হত্যাকাণ্ডের শুনানি

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক পদ শূন্য থাকায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলা এবং মাসহ দুই সন্তান হত্যা মামলার নির্ধারিত শুনানি হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল ফেরদৌস মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক। তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১০ জুলাই অবসরে যান এ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান। এরপর সোমবার পর্যন্ত এ পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।

সাবেক চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান দায়িত্বপালনকালে  আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দেন।

এ আদালতে মুফতি ইজাহারের বিরুদ্ধে মাদ্রাসায় বিস্ফোরণ মামলাসহ একাধিক আলোচিত মামলা বিচারাধীন আছে।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক না থাকায় আলোচিত দুটি মামলার নির্ধারিত শুনানি আজ (সোমবার) হয়নি।”

মাসহ দুই সন্তান হত্যামামলাটি আগামী ১ সেপ্টেম্বর এবং মা-মেয়ে হত্যা মামলাটি আগামী ৩১ অগাস্ট শুনানির দিন ধার্য হয়েছে বলে জানান তিনি।

পিপি ফখরুদ্দিন বলেন, “বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ বেশকিছু মামলার শুনানি হচ্ছে না। তবে যতটুকু জানি আগামী ১৫ অগাস্টের মধ্যে এ অবস্থার নিরসন হতে পারে। আশা করি, পরবর্তী নির্ধারিত দিনে মামলা দুটির শুনানি হবে।”

২০১২ সালের ২৩ অক্টোবর নগরীর খতিবের হাট এলাকায় মা-মনি ভিলা নামের ভবনের পঞ্চম তলায় ডলি আক্তার (৩০), তার ছেলে আলভি (১০) ও মেয়ে আদিবা পায়েলকে (৬) হত্যা করা হয়।

ঘটনার দুই দিন পর হত্যার অভিযোগে গৃহশিক্ষক তারেক চৌধুরীকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ডলি আক্তারের স্বামী আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেন বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।

২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি পুলিশ গৃহশিক্ষক তারেককে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৩ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত ৫৪ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, শনিবার আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সোলায়মান। তিনি এরআগে আরো তিন দিন সাক্ষ্য দেন।

অন্যদিকে গত ৮ জুলাই অভিযোগ গঠনের পর চট্টগ্রামের আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল শনিবার।

গত ২৪ মার্চ সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়।

এর দুইদিন পরেই ঢাকার ফকিরাপুল থেকে আবু রায়হান ও নগরীর খুলশী এলাকা থেকে মোহাম্মদ শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই হত্যার সাথে যুক্ত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন। এ দুজনের বিরুদ্ধেই পুলিশ অভিযোগপত্র দেয়।