২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর ছিনতাই: গ্রেপ্তার ৩, টাকা উদ্ধার

জয়পুরহাট শহরে হত্যা করে ৩৫ লাখ টাকা ছিনতাই ঘটনার তিন সপ্তাহ পর তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া ছিনতাইয়ের পৌনে তিন লাখ টাকা উদ্ধারও করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 06:21 PM

Updated : 25 Apr 2022, 04:30 PM

ঢাকা মহানগরীর গাবতলী থেকে রোববার রাতে এক জন ও জয়পুরহাট সদর থেকে সোমবার অপর দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

এরা হলেন জয়পুরহাট সদরের বেল আমলা জুমনিপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আসলাম (৩০), দুলাল মন্ডলের ছেলে ফরিদ হোসেন (২৯) ও তার স্ত্রী শিরিন খাতুন (২৫)।

জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি এলাকায় গত ১৩ জুলাই বিকালে এক জন ব্যাবসায়ীকে গুলি করে হত্যা ও আরেক ব্যাবসায়ীকে কুপিয়ে আহত করে ৩৫ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, ১৩ জুলাই বিকালে জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার বালিঘাটা গ্রামের তরুণ ব্যবসায়ী ফিরোজ আল মামুন ব্যবসায়ী বন্ধুকে সঙ্গে নিয়ে জয়পুরহাট উত্তরা ব্যাংক থেকে ৩৫ লাখ উত্তোলন করেন।

এরপর তারা মোটরসাইকেলযোগে পাঁচবিবি নিজ ব্যবসা কেন্দ্রে যাচ্ছিলেন।

পথে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি এলাকায় ছিনতাইকারীরা মামুনকে গুলি করে হত্যা ও তার ব্যাবসায়ী বন্ধুকে কুপিয়ে আহত করে সব টাকা নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা রোববার রাতে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী আসলামকে ঢাকার গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী ফরিদ ও তার স্ত্রী শিরিনকে জয়পুরহাট সদরের বেল আমলা জুমনিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওই তথ্য থেকেই শিরিনের কাছ থেকে ছিনতাইয়ের পৌনে তিন লাখ টাকা উদ্ধার করা হয় বলেও র‌্যাব কমান্ডার জানান।