ভারতীয় কিশোরীকে অপহরণের অভিযোগ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ওপারের এক ভারতীয় কিশোরী নিখোঁজ হয়েছে বলে বিএসএফ দাবি করছে।
মেয়েটির স্বজনদের দাবি, বাংলাদেশের এক তরুণ মেয়েটিকে অপহরণ করেছে। ঘটনাটি তারা বিএসএফকে জানিয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইমরান নিজামি জানান, তারা বিএসএফের মাধ্যমে মেয়েটির নিখোঁজ হওয়ার কথা জেনেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
পরবর্তী করণীয় নির্ধারণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
ফুলবাড়ী কাশিপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য ফেরদৌস হাসান, স্থানীয় মিজান ও আফজাল হোসেন জানান, ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তবর্তী ধর্মপুর গ্রামের মঈনুল হকের কলেজ পড়ুয়া ছেলে রুবেল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি-২ এলাকার ৭ম শ্রেণির ছাত্রী েএক কিশোরীর প্রেমের সম্পর্ক রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মেয়েটি বাড়ি থেকে বের হয়ে রুবেল মিয়ার সঙ্গে চলে যায়। ঘটনা জানাজানি হলে মেয়েটির স্বজনরা তাদের নিকটবর্তী ভারতীয় ১৮১ বিএসএফ সেউটি-২ ক্যাম্পে অভিযোগ দেয়।
অভিযোগে বাংলাদেশি যুবক তাদের মেয়েকে অপহরণ করেছে বলে উল্লেখ করা হয়।
অভিযোগ পাওয়ার পর বিএসএফ মেয়েটিকে উদ্ধারের জন্য বিজিবির সহায়তা চেয়ে পত্র দেয়।
