২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে রেল কর্মচারীদের ছুটি বাতিল

ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে রেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীসেবার মান বৃদ্ধিতে শনিবার রাজশাহীতে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিয়ম সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদে সারাদেশের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু থাকবে। এর মধ্যে দুটি পশ্চিমাঞ্চলে এবং তিনটি পূর্বাঞ্চলে।

এছাড়া ১৬৬টি অতিরিক্ত কোচ সংযোজন করা হবে এবং ২০৫টি বগি সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

রেলের উন্নয়নে সরকারের উদ্যোগের উল্লেখ করে মুজিবুল হক বলেন, নতুন ১২০টি বগি আমদানির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আরো ১৫০টি বগির জন্য টেন্ডার দেয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়া ৭০টি রেলের ইঞ্জিন আমদানির পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী থেকে ননস্টপ ঢাকাগামী শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন, আব্দুল্লাপুর থেকে রাজশাহী পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণ, রাজশাহী-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল, রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত কৃষিপণ্যবাহী আলাদা ট্রেনের ব্যবস্থা ও পূর্ণাঙ্গ রেলভবন নির্মাণের দাবি জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার জাহান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিট, রেলওয়ের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন প্রমুখ।