২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

মেঘনা নদীর তীব্র স্রোতে বেড়িবাঁধ ভেঙে লক্ষ্মীপুরে সদর উপজেলার একটি গ্রামের প্রায় পাঁচশত ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 03:40 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, বুধবার বিকালে জোয়ারের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধঁটি ভেঙে চররমনী মোহন ইউনিয়নের পূর্ব চররমনী মোহন গ্রামে পানি ঢুকে পড়ে। এতে গৃহপালিত গরু, ছাগল, হাঁস ও মুরগি নিয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

দ্রুত বাধঁ মেরামতের জন্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

তীব্র স্রোতে দুদিন আগে বাঁধে ফাটল ধরেছিল জানিয়ে চররমনী মোহন ইউনিয়ন পরিষদ সদস্য মো. খোরশেদ আলম বলেন, ফাটলটি যথাসময়ে মেরামত না করায় বুধবার বিকালে জোয়ারের তোড়ে ভেঙে যায় বাঁধ।

পানিতে কৃষকদের শ’শ’ একর জমির আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।