২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে মেডিকেলের লেকে নেপালি ছাত্রের লাশ

কিশোরগঞ্জের বাজিতপুরে ‘জহুরুল ইসলাম মেডিকেল কলেজের’ লেক থেকে এক নেপালি ছাত্রের লাশ উদ্ধার হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 01:14 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

নিহত রাজন পারা জুলি (২৫) এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। তিনি থাকতেন কলেজের ‘মাজেদুল ইসলাম হলে’।

তার বাড়ি নেপালের মোরাং জেলার বিরাটনগর এলাকায়। বাবার নাম কৃষ্ণ প্রসাদ পারা জুলী।

বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা জানান, বুধবার শেষ রাতে হলের পাশের লেকে লাশ ভাসতে দেখে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে তার লাশ উদ্ধার করে। 

“সম্ভবত রাতের কোনো এক সময় রাজন লেকে পড়ে মারা যান”, বলেন তিনি।

সহপাঠীরা জানান, রাজন সাঁতার জানতেন না। রাত থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক খালেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে রাজনের কোনো খোঁজ না পেয়ে সবাই ভেবেছিল, সে হয়তো ঢাকায় গেছে। কিন্তু শেষ রাতের দিকে হলের ছাত্ররা লাশ ভাসতে দেখে কর্তৃপক্ষকে জানায়।”

রাজনের পরিবারকে ইতোমধ্যে খবর দেয়া হয়েছে বলেও জানান এই শিক্ষক।

এ ঘটনায় কলেজের ডেপুটি ম্যানেজার তৌহিদুল ইসলাম বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। রাজনের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।