২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামলার ‘অভিনব’ প্রতিবাদ

অ্যাকুরিয়ামে ‘বন্দী’ একটি জেলিফিশ, যার চারদিকে বন্দুক তাক করে আছে হাজার হাজার সৈন্য। অ্যাকুরিয়াম লক্ষ্য করে ট্যাংক, কামান, বিমান ও হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে বোমা ও গোলাবারুদ। মুহূর্তেই রক্তের বন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 12:10 AM

Updated : 13 Oct 2022, 12:21 PM

বুধবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে এভাবেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার চিত্র ‘ইনস্টলেশন’-এর মাধ্যমে ফুটিয়ে তুলে প্রতীকী প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

ওই অ্যাকুরিয়াম হলো ফিলিস্তিনের আক্রান্ত শহর গাজা। আর বন্দী জেলিফিশটি হলো গাজার ভীত-সন্ত্রস্ত মানুষ।

এই ইনস্টলেশন ও আলোক প্রজ্জ্বলনের আয়োজন করে ‘স্লোগান-৭১’ নামে টিএসসির একটি সাংস্কৃতিক সংগঠন।

তাদের এই প্রতিবাদে পতাকা হাতে যোগ দিয়েছেন বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থী সেলিম হোসনি কানিস্তাও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক এই ফিলিস্তিনি তরুণ অশ্রুসজল চোখে তাদের উপর ইসরায়েলি নির্যাতনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ইসরায়েলিদের বোমা হামলায় ২০০৯ সালে নিজের বোনসহ পরিবারের দুই সদস্যকে হারিয়েছেন। আবার ইসরায়েলি হামলা শুরু হওয়ায় গাজা শহরে বসবাসরত পরিবারের সদস্যদের নিয়ে তিনি উদ্বিগ্ন।

গাজায় নিহতদের স্মরণে আলোক প্রজ্জ্বলনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “একবিংশ শতাব্দীতে এসেও এই বর্বরোচিত গণহত্যা আমাদের হতবাক করেছে। গণহত্যা একটি জাতিকে কিভাবে নিঃশেষ করে দিতে পারে তা আমরা ভালো করেই জানি।”

হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আয়োজকদের অন্যতম কাজল আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তাতে বিশ্ববিবেক চুপ থাকলেও আমারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ থাকতে পারি না।

“আমরা নিজেরা গণহত্যার শিকার হয়েছি, তাই গণহত্যার ব্যথা আমরা বুঝি। প্রত্যক্ষভাবে সহায়তা করতে না পারলেও প্রতিবাদ জানিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।”