২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকিতে সন্ত্রস্ত ধর্ষিতার পরিবার

ফেনীর সোনাগাজী উপজেলার মধ্যম আহম্মদপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 08:00 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) তাকে এক দিনের পুলিশ হেফাজতে নেয়া হয়।

গ্রেপ্তার শাহাদাত হোসেন (২৫) মধ্যম আহম্মদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

ধর্ষণের শিকার মেয়েটির স্বজনদের অভিযোগ, শাহাদাতকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা মেয়েটির বাড়িঘরে হামলা চালিয়েছে। তারা তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।

সোনাগাজী মডেল থানায় ওসি আবু জাফর মো. ছালেহ জানান, দুসপ্তাহ আগে ধর্ষণের ঘটনা ঘটেলেও মামলা করা হয় মঙ্গলবার। এরপর ওই রাতেই মামলার আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান ওসি।

মামলার বরাত দিয়ে মেয়েটির এক আত্মীয় মোহাম্মদ সেলিম জানান, শাহাদাত হোসেনের সঙ্গে একই গ্রামের এক তরুণীর (নাম প্রকাশ করা হলো না) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

গত ৩০ জুন তাদের মধ্যে বিয়ের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন (১ জুলাই) রাতে বিয়ের বিষয়ে কথা বলার জন্য ফোনে তাকে বাড়ির পাশে রাস্তায় আসতে বলে।

মেয়েটি বাড়ি থেকে বের হলে শাহাদাতের নেতৃত্বে চার যুবক জোরপূর্বক তার মুখে বেঁধে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

মধ্যরাতে মেয়েটিকে অজ্ঞান অবস্থার বাড়ির সামনে ফেলে যায়।

মোহাম্মদ সেলিম আরো জানান, পরদিন বিষয়টি জানাজানি হলে শাহাদাতসহ অন্য আসামিরা মেয়েটির পরিবারকে বিষয়টি থানায় না জানানোর হুমকি দিয়ে যায়।

এরপর তাদের অব্যাহত হুমকির মুখে মেয়েটির পরিবারের লোকজন বাড়ি ছেড়ে ফেনী শহরে একটি বাসায় আশ্রয় নেয়।

মঙ্গলবার স্থানীয় সাংবাদিকের সহায়তায় মেয়েটি সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, যার আসামি হলেন মধ্যম আহম্মদপুর গ্রামের আমীর হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৫), হুদনের ছেলে মহিউদ্দিন (২৭), ছাবের আহাম্মদের ছেলে শামীম (৩০) এবং মজিবুল হকের ছেলে মিজানুল হক (২৪)।

মেয়েটির বড়ভাই (নাম প্রকাশ করা হলো না) সাংবাদিকদের জানান, শাহাদাতকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। তাদের অব্যাহত হুমকির মুখে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।