২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ঠেকাতে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 06:48 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

বুধবার বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মাদকের সর্বনাশা নেশা যুব সমাজকে বিপথগামী করছে। সৃষ্টি করছে সামাজিক অস্থিরতা।

“মাদকের ভয়াবহতা রোধে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আমি স্কাউটদের প্রতি আহ্বান জানাই। আমার বিশ্বাস, মাদক প্রতিরোধে স্কাউট কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।”

রাষ্ট্রপতি এ সময় বাল্যবিবাহ রোধ, ট্রাফিক সপ্তাহ পালন, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্কাউটদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

স্কাউটিংয়ের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “দেশে স্কাউটদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জেনে আমি খুশি হয়েছি। তবে জনসংখ্যার তুলনায় এ সংখ্যা আশানুরূপ নয়।

“স্কাউটের সংখ্যা বাড়াতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক স্কাউট দল গঠন করা যেতে পারে। নিয়মিত পড়ালেখার পাশাপাশি শিশু-কিশোর ও যুবকদের শারীরিক ও মানসিক উৎকর্ষের জন্য স্কাউটিংয়ের মাধ্যমে সৃজনশীল কর্মকাণ্ড এবং ক্রীড়াঙ্গণে সরব উপস্থিতি থাকা প্রয়োজন।”

রাষ্ট্রপতি বলেন, “যুবকরাই জাতির প্রাণশক্তি, দেশ গড়ার প্রধান কারিগর। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এজন্য স্কাউটিং একটি উপযুক্ত প্ল্যাটফর্ম বলে আমি মনে করি।

“বিশ্বব্যাপী আধুনিক তথ্যপ্রযুক্তির যে গতিশীল ধারা প্রবাহিত হচ্ছে, তার সাথে তাল মিলিয়ে আমাদের যুব সমাজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।”

রাষ্ট্রপতি এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম চালু করারও আহ্বান জানান। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় স্কাউটদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ১২ জন জ্যেষ্ঠ স্কাউটকে সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ব্যাঘ্র’ ও ১৫ জনকে ‘রৌপ্য ইলিশ’ পদক দেয়া হয়। এছাড়া তিন জন রোভারকে ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট’ এবং ৫৪ জনকে ‘প্রেসিডেন্টস স্কাউট’ পদক দেয়া হয়।