চট্টগ্রামে ৮ শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে নাশকতার বিভিন্ন মামলার আসামি ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানার চাক্তাই এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ আব্দুর রউফ জানিয়েছেন।
গ্রেপ্তাররা ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে চাক্তাই এলাকায় সংগঠিত সহিংসতার বিভিন্ন ঘটনায় জড়িত ছিলেন বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃতরা সবাই শিবিরের ওয়ার্ড পর্যায়ের কর্মী জানিয়ে তিনি বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে চাক্তাই এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুরসহ বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ছিলেন তারা।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
