না’গঞ্জ মহিলা কলেজে ভর্তির আন্দোলন চলছে
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি বাণিজ্যের অভিযোগ তুলে তা বন্ধ করে স্বাভাবিক ভর্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা বেশকিছু সময় অধ্যক্ষের কার্যালয় ঘিরে রাখে।
আগামী ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা না নিলে কলেজ ক্যাম্পাসে আত্মহত্যা করার হুমকি দিয়েছে ভর্তিচ্ছু ছাত্রীরা।
গত দুসপ্তাহ ধরে শিক্ষার্থীরা এ দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসছে।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ প্রশাসনের সহযোগিতায় একটি ছাত্র সংগঠনের নেতাদের ভর্তি বাণিজ্যের কারণে ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীরা ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে।
তবে ভর্তি বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা বলেন, প্রশাসন থেকে একাদশ শ্রেণিতে আসন বাড়ানোর জন্য শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে আগামী ২০ জুলাই পর শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে।
অনুমতি না পেলে তার কিছুই করার থাকবে না বলে তিনি জানান।
