ঢাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় একটি মামলা হয়েছে, যাতে অন্তত ২০ ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন শাহবাগ থানায় এ মামলা করেন।
মামলায় ছাত্রলীগের পাঁচ কর্মীর নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।
যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- ছাত্রলীগের সূর্যসেন হল শাখার কর্মী মিজান, শরীফ, বিদুৎ, আব্দুল হামিদ ও জাকির।
এদের মধ্যে হামিদ, বিদ্যুৎ ও জাকিরকে ঘটনার পরই পুলিশের হাতে তুলে দেয়া হয়।
সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ফুটবল খেলা নিয়ে ছাত্রলীগ কর্মীরা সাত সাংবাদিককে পিটিয়ে আহত করেন।
আহতরা হলেন- যমুনা টেলিভিশনের প্রতিবেদক মনিরুল ইসলাম, মানবকণ্ঠের রেজা আকাশ, এশিয়ান টিভির আরাফাত সরকার সেতু, সময় টেলিভিশনের সাবেক প্রতিবেদক মাসুদুর রহমান, ইন্ডিপেনডেন্ট পত্রিকার সাবেক প্রতিবেদক গালিব আশরাফ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক প্রতিবেদক মাহমুদুল হাসান ও দ্য রিপোর্টের জাহিদ হাসান।
এ ঘটনায় রাতেই ছাত্রলীগের সূর্যসেন হল শাখার কমিটি সাময়িকভাবে স্থগিত এবং হল শাখার ১২ কর্মীকে বহিষ্কার করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
বহিষ্কৃতরা হলেন- মিজান, মেহেদী, সোহাগ, মোখলেস, বিদ্যুৎ, জাকির, রাহাত, পারভেজ, আমির, সোহেল, শরীফ ও নোবেল।
