২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ৭ সাংবাদিককে পিটিয়ে আহত

ফুটবল খেলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা সাত সাংবাদিককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

আহতরা হলেন- যমুনা টেলিভিশনের প্রতিবেদক মনিরুল ইসলাম, মানবকণ্ঠের রেজা আকাশ, এশিয়ান টিভির আরাফাত সরকার সেতু, সময় টেলিভিশনের সাবেক প্রতিবেদক মাসুদুর রহমান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক প্রতিবেদক গালিব আশরাফ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক প্রতিবেদক মাহমুদুল হাসান ও দ্য রিপোর্টের জাহিদ হাসান।

সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে তাদের উপর হামলা হয় বলে মানবকণ্ঠের প্রতিবেদক রেজা আকাশ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ধ্যার একটু পরপর আমরা সাংবাদিক সমিতির সদস্যরা মল চত্বরে খেলতে যাই। গতকালকের ফাইনাল ম্যাচ উপলক্ষে আজকের এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল।

“সেখানে গিয়ে দেখি সূর্যসেন হলের কয়েকজন ছাত্র আগে থেকেই খেলছিল। আমরা তাদের অনুরোধ করার পর তারা আমাদের খেলার জায়গা ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পর সূর্যসেন হল থেকে ২৫-৩০ জন ছাত্র রড, চাপাতি ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়।”

হামলাকারীরা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেনের অনুসারী বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী ও সোহাগের নেতৃত্বে এই হয় বলে ঘটনার প্রত্যক্ষদর্শী সূর্যসেন হলের ইতিহাস চতুর্থ বর্ষের ছাত্র শরীফ জানান।

এছাড়া মোখলেস, বিদ্যুৎ, জাকির, খোকন, রাহাত, পারভেজ ও নোবেল হামলায় অংশ নেয় বলে জানান তিনি।