কর্মবিরতিতে মেঘনার তেল সরবরাহ ব্যাহত
‘নিয়ম ভেঙে’ চাকরি স্থায়ী করার প্রক্রিয়া বাতিলের দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের মূল ডিপোর প্রায় একশ শ্রমিক।
আন্দোলনকারীদের সংগঠন মেঘনা পেট্রোলিয়াম ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছি। আমাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে চাকরি স্থায়ী করার কথা থাকলেও প্রশাসন নিয়ম ভেঙে নিজেদের ইচ্ছামতো স্থায়ী করার প্রক্রিয়া শুরু করেছে। তাই আমরা কাজ বন্ধ রেখে এর প্রতিবাদ জানিয়েছি।”
পরে প্রশাসন চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া স্থগিতের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে কাজে ফেরেন শ্রমিকরা।
ইপিজেড থানার ওসি আবুল মনছুর বলেন, মেঘনার এজিএম (অপারেশন) মফিজুর রহমান, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠকে চাকরি স্থায়ীকরণ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
