কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ব্যাপক ভাঙন
কুড়িগ্রাম সদরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে বিভিন্ন স্থাপনাসহ কয়েকশ পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে চর যাত্রাপুর নৌঘাট থেকে পাঁছগাছি আরাজী কদমতলা পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। এতে নদীগর্ভে চলে গেছে আবাদি জমি, গাছপালা ও মূল্যবান সম্পদ।
হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল, বাজার, মসজিদসহ চার গ্রামের প্রায় এক হাজার পরিবার।
ভাঙন রোধে এখন পানিতে বালির বস্তা নিক্ষেপ করা হলেও তা ঠেকানো যাচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বরেন, যাত্রাপুর নৌ-ঘাট, ফারাজীপাড়া, বলদিয়াপাড়া, গারুহারা ও আরাজি কদমতলা এলাকায় চলতি বছর তিনশ পরিবার ঘড়বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল, ঐতিহ্যবাহী যাত্রাপুর বাজার ও মসজিদ।
এ তালিকা জেলা প্রশাসনকে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের এই ভাঙন রোধ করতে না পারলে যাত্রাপুরের সামান্য যেটুকু অংশ জেগে আছে তা মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে।
এছাড়া এ অবস্থায় কার্যকর ব্যবস্থা না নিয়ে তড়িঘড়ি করে নদীতে বস্তা নিক্ষেপ করে কোনো লাভ হবে না, শুধু অর্থের অপচয় হবে বলে তিনি মনে করেন।
এই এলাকার এরশাদুল, আবুল, বক্করসহ বেশ কয়েকজন জানান, পানি নউন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে লোক দেখানো কাজ করছে। দুই কিলোমিটার এলাকায় ভাঙন হলেও গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকা বাদ দিয়ে তারা অল্প এলাকা নিয়ে কাজ করছে। এতে কাজের কাজ কিছু হবে না। কাজ করলে আরো বড় পরিসরে করা দরকার।
পানি উন্নয়ন বোর্ড লালমনিহাটের সাব-ডিভিশনাল প্রকৌশলী আ ব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাহিদাপত্র দেয়ার পরও বরাদ্দ না থাকায় ওই এলাকার ভাঙন রোধে কোনো প্রকল্প নেয়া সম্ভব হয়নি।
“তবে জরুরি কাজের আওতায় ভাঙন ঠেকাতে তিনটি স্পটে ১৩২ মিটার এলাকাব্যাপী মেইনটেন্যান্স কাজ শুরু করা হয়েছে,” বলেন তিনি।
