ঢাবিতে বাস ভাংচুর
রাজধানীর শাহবাগ ও টিএসসিতে দুটি বাস ভাংচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় তড়িঘড়ি করে বাস থেকে নামতে গিয়ে এক নারীসহ কয়েকজন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দিয়ে যাওয়ার সময় ফাল্গুন পরিবহনের একটি বাস শাহবাগ এলাকায় শিক্ষার্থী বহনকারী একটি রিকশায় ধাক্কা দেয়। এর জের ধরে প্রথমে শিক্ষার্থীরা শাহবাগে ফাল্গুন পরিবহনের একটি বাস ভাংচুর করে।
এরপর সেখান থেকে ফিরে টিএসসিতে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাস ভাংচুর করে তারা। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের হটিয়ে দেয়।
এএসআই হারুন-উর রশিদ বলেন, “আমরা কিছু বুঝে উঠার আগেই ভাংচুর হয়েছে। শাহবাগে শিক্ষার্থীবাহী রিকশাকে ধাক্কা দেয়ার জেরে এ ঘটনা ঘটেছে।”
সম্প্রতি যানজট এড়াতে ক্যাম্পাসের ভেতর দিয়ে পাবলিক পরিবহন যাতায়াত করছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
গত সপ্তাহে একই কারণে চারুকলা অনুষদের সামনে পাঁচটি বাস ভাংচুর করা হয়।
