২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামলার নিন্দায় মন্ত্রিসভা

গাজায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, “এ বিষয়টি মন্ত্রিসভায় এজেন্ডায় ছিল না, গাজা এলাকায় গত কয়েকদিন ধরে ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে।  নারী-শিশুসহ বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। এটি মারাত্মকভাবে মানবাধিবার লঙ্ঘন। মন্ত্রিসভা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।”

গাজায় গত ছয়দিন ধরে টানা বিমান হামলায় এ পর্যন্ত দেড়শরও বেশি ফিলিস্তিনি নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতদের তিন-চতুর্থাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

সচিব বলেন, বিশেষ করে রমজান মাসে এ হামলা ‘আরো বেশি’ দুঃখজনক।

“মন্ত্রিসভা বলেছে, ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থন আছে এবং থাকবে।”

অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দেয়ার জন্য মন্ত্রিসভা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বলেও জানান সচিব।