দেবহাটা সীমান্তে বাংলাদেশির লাশ ফেরত
সাতক্ষীরার দেবহাটা উপজেলা সীমান্ত দিয়ে এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, রোববার টাউন শ্রীপুর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নজরুল ইসলামের (৪০) লাশ হস্তান্তর করে বাংলাদেশি পুলিশের কাছে।
দেবহাটা থানার এসআই মিজবাহ উদ্দীন বিকালে লাশ গ্রহণ করেন বলে পুলিশ জানিয়েছে।
নজরুল সাতক্ষীরা সদরের হাড়দ্দহা গ্রামের সদর উদ্দিনের ছেলে।
দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, নজরুলের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার রাতে দেবহাটা উপজেলার হাড়দ্দহা সীমান্ত পেরিয়ে নজরুল ইসলাম ভারত যান। দুদিন পর শুক্রবার রাতে ইছামতি নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে দেবহাটার বিপরীতে হাসনাবাদ থানার টাকী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
নজরুলের লাশ সেদেশে মর্গে রাখা ছিল।
দেবহাটার টাউন শ্রীপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, মাছ ধরতে গিয়ে নজরুল পানিতে ডুবে মারা যান।
লাশ হস্তান্তরের সময় ৩৪ বিজিবি ব্যাটালিয়নের (নীলডুমুর) অধিনায়ক লে. কর্নেল সামছুল কবীর ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ৪৭ ব্যাটালিয়নের টাকী বিএসএফ ক্যাম্পের ইন্সপেকটর জেড আনগম নিজ নিজ দেশের পক্ষে দলের প্রতিনিধিত্ব করেন।
