রাজধানীতে প্রাইভেটকার ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানী বনানী ডিওএইচএস এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ডিওএইচএসের অনন্যা শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শামীমের (২০) বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। ডিওএইচএসে তার মামা শফিকুল ইসলামের বাসায় কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন তিনি।
শফিককে উদ্ধৃত করে পরিদর্শক মোজাম্মেল জানান, শামীম তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যাচ্ছিলেন। অনন্যা শপিং সেন্টারের সামনে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে পেছনে বসা শামীম আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
