ডাস্টবিনে পাওয়া শিশুটি বাবা-মার কাছে
চাঁদপুরে ডাস্টবিনে পাওয়া শিশুটি তিন ঘণ্টা পর তার বাবা-মাকে ফিরে পেয়েছে।
শনিবার দুপুর ২টায় চাঁদপুর শহরের পোস্ট অফিস সংলগ্ন ডাস্টবিন থেকে মাইমুনা আক্তার নিহা নামের ১২ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
বিকাল ৫টায় বাবা-মার কাছে তাকে ফিরিয়ে দেয়া হয়। উদ্ধার করার পর মেয়েটির বয়স এক মাস বলে অনুমান করা হয়েছিল।
নিহা চাঁদপুর সদর উপজেলার ইচলীর হাজী কোম্পানি বাড়ির মুহাম্মদ ইসমাইল হোসেন ও জেসমিন আক্তার দম্পতির চতুর্থ সন্তান।
পুলিশ জানায়, মেয়েটিকেসহ তার মাকে অপহরণ করে এক অটোরিকশা চালক। পরে তার মার কাছ থেকে স্বর্ণালংকার ও শিশুটিকে ছিনিয়ে নিয়ে তার মাকে ফেলে দেয় গাড়ি থেকে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, দুপুরে শহরের পোস্ট অফিস সংলগ্ন ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে।
ওসি আরো জানান, শিশুটিকে উদ্ধারের পর প্রথমে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে। তবে শিশুটি পুরোপুরি সুস্থ ছিল।
শিশু নিহার বাবা মুহাম্মদ ইসমাইল হোসেন জানান, শহরের মাতৃমঙ্গল হাসপাতালে নিহাকে নিয়ে হাসপাতালে আসেন তার স্ত্রী। তাকে ডাক্তার দেখানো শেষে হাসপাতালের বাইরে এসে দাঁড়ালে সিএনজি চালিত এক অটোরিকশা চালক ছুরির ভয় দেখিয়ে শিশুটিসহ শিশুর মাকে তুলে সদর উপজেলার মহামায়া এলাকায় নিয়ে যায়। সেখানে শিশুর মার কাছ থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিস লুট করে ও শিশুটিকে কেড়ে নিয়ে যায়।
স্থানীয় আব্দুল বারেক (২২) সাংবাদিকদের বলেন, “দুপুরে আমি পোস্ট অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় ডাস্টবিনে কাপড় দিয়ে পেঁচানো একটি বাচ্চা দেখতে পাই। কাছে গিয়ে শিশুটিকে দেখতে পাই। পরে তা থানায় গিয়ে জানাই।”
স্থানীয় নাসিমা বেগম (৩৫) বলেন, “আমি একটি মামলা সংক্রান্ত কাজে থানায় এসেছিলাম। দুপুরে থানার এক কর্মকর্তা আমাকে ডাস্টবিন থেকে বাচ্চাটিকে থানায় নিয়ে আসতে বলেন। আমি বাচ্চাটিকে থানায় নিয়ে আসি।”
