২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছর ঘুরলেও ফল পায় না রাবি শিক্ষার্থীরা

পরীক্ষার তিন মাসের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও বিভিন্ন বিভাগে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এস এম নাদিম মাহমুদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 01:08 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

কিছু শিক্ষকের ‘উদাসীনতাকে’ এজন্য দায়ী করা হলেও ব্যবস্থা নেয়ার বিধান না থাকায় তাও করা যাচ্ছে না- এমন বক্তব্য পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিদের কাছ থেকে।

বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী, পাঠদানের জন্য আট মাস নির্ধারণ এবং পরীক্ষা শুরুর তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে বলা হয়েছে।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ, ফোকলোর, মনোবিজ্ঞান, চারুকলা, জনসংখ্যা বিজ্ঞান, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফল দশ মাস থেকে একবছরেও প্রকাশ হয়নি।

এছাড়া নাট্যকলা ও সংগীত বিভাগ, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা, প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান, নৃবিজ্ঞান বিভাগ ও আরবি বিভাগের ফলাফল ছয় থেকে আট মাসেও প্রকাশ করা হয়নি।

২০০৯-১০ শিক্ষাবর্ষের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োকেটনোলজি শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের পরীক্ষা গত বছরের ৩০ জুন শুরু হয়। এক বছর পার হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি।

ওই বর্ষের শিক্ষার্থীরা জানান, তৃতীয় বর্ষের ফল না পেলেও সামনে তাদের চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে হবে। ফল না পাওয়ায় আবাসিক হলগুলোতে মেধাক্রম অনুযায়ী আসন ও বেশ কিছু শিক্ষা বৃত্তিও হাতছাড়া হয়েছে।

এই বিভাগেরই ২০০৮-০৯  শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল আট মাস এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফলাফল ১০ মাস ধরে ঝুলে আছে।

এ প্রসঙ্গে বিভাগের সভাপতি অনিল চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে কিছু শিক্ষক উত্তরপত্র দেখে জমা দেয় না বলে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।”

এজন্য দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না- জানতে চাইলে উত্তর এড়িয়ে অনিল চন্দ্র বলেন, “এই ব্যাপারে একাধিকবার একাডেমিক কমিটির মিটিং হয়েছে। শিক্ষকদের দ্রুত ফলাফল প্রকাশের তাগিদ দেয়া হয়েছে।”

ফলাফলের দীর্ঘসূত্রতার বেড়াজালে আটকে গেছেন চারুকলা ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও।

চারুকলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের পরীক্ষা গত বছর অগাস্টে শেষ হওয়ার ১১ মাস পেরিয়ে গেলেও ফল দেয়া হয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল ১৩ মাসেও হয়নি।

চারুকলা বিভাগের শিক্ষার্থী সুব্রত কুমার বলেন, “বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সেশনজটের খপ্পরে পড়েছি আমরা। চার বছরের স্নাতক ছয় বছরেও হয় না। তিন মাসের ফল দশ মাসেও আসে না।”

চারুকলা বিভাগের সভাপতি আব্দুল মতিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারুকলা বিভাগে শ্রেণিকক্ষের সঙ্কট থাকায় শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাস নেয়া যায় না। তাছাড়া এই বিভাগে অনেক ব্যবহারিক কাজ থাকায় তা সম্পূর্ণ করতে দেরি হওয়ায় পরীক্ষার ফল দিতে দেরি হচ্ছে।”

অপরদিকে ফলাফলের দীর্ঘসূত্রতায় মনোবিজ্ঞান বিভাগে প্রায় প্রত্যেক বর্ষেই দুটি করে ব্যাচ রয়েছে।

এই বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের ফলাফল ১১ মাসেও দেয়া হয়নি। ২০০৭-০৮ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফল ১৪ মাসেও হয়নি।

মনোবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এসময় চতুর্থ বর্ষের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তৃতীয় বর্ষের ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারা।

ফোকলোর বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গত বছরের ১৮ জুন থেকে শুরু হয়।

প্রায় দুইমাস ধরে ১০টি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা শেষ হওয়ার পর দশ মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। এছাড়া সাত মাস আগে অনুষ্ঠিত ২০০৭-০৮ শিক্ষাবর্ষ মাস্টার্স পরীক্ষার ফলাফলও এখনো প্রকাশ করা হয়নি।

ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফল দশ মাসেও হয়নি। 

এছাড়াও নাট্যকলা, নৃবিজ্ঞান, আরবি, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যাসহ বেশ কিছু বিভাগের বিভিন্ন বর্ষের ফলাফল আটকে আছে, যেগুলোর পরীক্ষা ৬ থেকে ৮ মাস আগেই শেষ হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক  আনোয়ার হোসেন বলেন, “নিয়ম অনুযায়ী পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকতো না। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশের জন্য ইতোমধ্যে অনুষদ প্রধানদের কাছে নোটিস পাঠানো হয়েছে।

“একইসঙ্গে আগামী সিন্ডিকেটে এই বিষয়ে একটি আইন পাস হতে পারে, যাতে শিক্ষকরা সময়মত উত্তরপত্র মূল্যায়ন না করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান থাকছে।”