গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
অবিলম্বে সাধারণ নাগরিকের বিরুদ্ধে নৃশংসতা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি গাজা এলাকায় ইসরায়েলের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশ চরমভাবে ব্যথিত।”
ফিলিস্তিন সংকটের ‘একটি গ্রহণযোগ্য সমাধানে’ জাতিসংঘের প্রস্তাবনা, আরব শান্তি প্রক্রিয়া বাস্তবায়ন করার পক্ষে বাংলাদেশ।
সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে আরো প্রাণহানি এড়াতে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে।
শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে দুই পক্ষকে আলোচনায় আসারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ মনে করে গাজায় দখলদারিত্বের অবসান হওয়া খুবই জরুরি। পূর্ব
জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার রাখে।”
