গাজায় নিহতের সংখ্যা ১০০ তে পৌঁছেছে
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ তে পৌঁছেছে বলে ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে। সর্বশেষ শুক্রবার বুরেইজি এলাকায় একটি গাড়িতে হামলায় দুই জন নিহত হন বলে জানান তারা।
গাজা থেকে ইসলামপন্থি হামাস যোদ্ধাদের রকেট হামলা ঠেকাতে গত মঙ্গলবার থেকে কয়েকশ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাসও ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহতদের পাশাপাশি ৬৭৫ জন আহত হয়েছেন। এদের বেশিরভাগই সাধারণ নাগরিক। ইসরায়েল বলেছে, নিহতদের বেশিরভাগই ‘সন্ত্রাসী’।
গাজার রাফায় একটি বাড়িতে ইসরায়েলের রাতভর বিমান হামলায় দুই নারী ও তিন পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাফায় দ্বিতীয় আরেকটি হামলায় একটি মেয়ে নিহত হয়েছেন এবং শহরের উত্তরে মটরসাইকেল আরোহী এক হামাস যোদ্ধা নিহত হয়েছনে।
ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সকালে আশদোদের পেট্রোল স্টেশনে গাজা থেকে ছোড়া রকেট হামলায় তিনজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট বারাক ওবামা এরইমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে এক আহ্বানে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে সহায়তার উদ্যোগ নেন। ওদিকে, মিশর ও তুরস্ক উভয়ই গাজায় ইসলায়েলের সামরিক শক্তি প্রয়োগের সমালোচনা করে।
