বঙ্গোপসাগরে ট্রলাডুবি, জেলের মৃত্যু
কক্সবাজারের বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে একটি মাছধরা ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে, আহত হন দুজন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহত মোহাম্মদ মোজাম্মেল (৫০) কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার প্রয়াত ফজল আহমদের ছেলে।
আহতরা হলেন আল আমিন (৪০) এবং কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মকবুল আহমদের ছেলে কালা পুতু (৪৯)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, সকালে তারা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। সন্ধ্যায় সোনাদিয়া চ্যানেলের সাগরের নিচে পাথর কিংবা অন্যকিছুর সঙ্গে ধাক্কা লাগলে নিচের অংশ ফেটে ট্রলারটি ডুবে যায়।
পরে অন্য একটি ট্রলারের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসে। হাসপাতালে নেয়ার পর এক জনের মৃত্যু হয়।
মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ট্রলারের মালিকের নাম জানা যায়নি।
