কারচুপি-জারদৌসিতে ব্যস্ত চট্টগ্রামের বিহারি পল্লী
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বিহারি পল্লীর জারদৌসি ও কারচুপির কারিগররা। সকাল থেকে রাত পর্যন্ত নানা রঙের কাপড় আর জামায় তারা বসিয়ে যাচ্ছেন পুঁতি আর জরি।
নগরীর ঝাউতলা বিহারি ক্যাম্প ও আশেপাশের এলাকায় এসব ‘বুটিক’ কারখানায় নানা রঙের কাপড়ে বিভিন্ন নকশায় জারদৌসি ও কারচুপির কাজ করা হয় নিপুণ হাতে। দৃষ্টিনন্দন এইসব পোশাক বিপণি বিতান হয়ে পৌঁছে যায় ক্রেতাদের কাছে।
কারিগররা জানান, ঈদের দুই সপ্তাহের বেশি বাকি থাকলেও কাজের চাপে তারা নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন রোজা শুরুর দিন থেকেই।
ঝাউতলা স্টেশন রোড এলাকার ‘পাপ্পু বুটিকস্ হাউস’ এর স্বত্বাধিকারী মো. খালিদ জাফর পাপ্পু এ পেশায় যুক্ত গত ১৮ বছর ধরে। তিনি জানালেন, হাতের কাজ গুছিয়ে আনতেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ঈদের আগেই এসব কাজ গ্রাহকদের বুঝিয়ে দিতে হবে।
পাঁচজন শ্রমিক নিয়ে এই বুটিক হাউস চালান পাপ্পু। নগরীর নামি বুটিক হাউসগুলোর পাশাপাশি সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি।
“সারা বছর কমবেশি কাজ থাকে। তবে রোজার এক মাস আগে থেকে কাজের চাপ বাড়তে থাকে। সাধারণত শাড়ি, ওড়না ও বিভিন্ন ধরনের জামায় জারদৌসি ও কারচুপির কাজ করি আমরা।”
কাজের ব্যস্ততার কথা জানিয়ে পাপ্পু বলেন, এখন প্রতিদিন সকাল ৯টা থেকে ভোর পর্যন্ত কাজ করছেন তার কর্মীরা। অন্য সময়ে পাঁচজন লোক দিয়ে কাজ চললেও ঈদের কাজের চাপ সামলাতে আরো পাঁচজন বাড়তি লোক নিয়োগ দিতে হয়েছে।
ঈদের ব্যস্ততায় জারদৌসি-কারচুপির কারিগররা কিছুটা আশার মুখ দেখলেও সারা বছর কাজের পরিমাণ কম থাকে বলে তাদের দিন কাটাতে হয় উদ্বেগের মধ্যে।
বাজারে তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে এবং জারদৌসি-কারচুপির প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষ। ফলে কারিগরদের কাজের পরিমাণও কমছে।
বিহারি পল্লীর জারদৌসি কারিগর মো. সাঈদ আক্ষেপ করে বলেন, “আগে সারা বছর কাজ থাকত। এখন কাজ হয় শুধু রোজার মাসে।”
পাপ্পু বুটির হাউজের পাপ্পু বলেন, “আগে চাইলেই কর্মী পাওয়া যেত। এখন অনেক কারিগর এ পেশা ছেড়ে দিয়েছে। তাই কাজের সময় লোক পাওয়া কঠিন হয়ে গেছে।”
কাজ কমে যাওয়ায় সারা বছর অনেকের বেকার বসে থাকতে হয়। এ কারণে অনেকেই কারখানা ছোট করে এনেছেন। আবার অনেকে কারখানা বন্ধও করে দিয়েছেন।
হাহাকারের সুরে পাপ্পু বলেন, “এভাবে চলতে থাকলে জারদৌসি-কারচুপির ঐতিহ্য হয়তো এক সময় হারিয়েই যাবে।”
