জেলা প্রশাসক সম্মেলন শেষ
অবকাঠামো অপর্যাপ্ততা, জনবল সংকট ও বাজেট বরাদ্দের অপ্রলুতাসহ মাঠ পযায়ের বিভিন্ন বিষয় মন্ত্রী-সচিবদের কাছে তুলে ধরেছেন জেলা প্রশাসকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৪’ সমাপ্তি অধিবেশনের পর সম্মেলনের বিষয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
মন্ত্রিপরিষদ সচিব প্রতিটি কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকরা সম্মেলনে মূলত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন ও চিহ্নিতকরণের ক্ষেত্রে ‘গ্যাপগুলো’ তুলে ধরেছেন।
“অবকাঠামো অপর্যাপ্ততা, জনবল সংকট ও বাজেট বরাদ্দের অপ্রলুতাসহ মাঠপযায়ের বিভিন্ন বিষয় মন্ত্রণালয়গুলোর মন্ত্রী-সচিবদের কাছে তুলে ধরেছেন জেলা প্রশাসকরা।”
মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনের (এসপি) সাথে ডিসিদের দ্বন্দ্বের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “দ্বন্দ্ব না থাকলে বুঝতে হবে সেটা একটা সংগঠন নির্জিব নিস্প্রাণ। তবে সংঘাত বা দ্বন্দ্ব সেই পর্যায়ে নেই।”
কার্য অধিবেশনগুলোতে মন্ত্রীরা জেলা প্রশাসকদের রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন বলে জানান তিনি।
“মাঠ প্রশাসনের কর্মকর্তারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেন কি না, এটা হচ্ছে বিষয়। কাউকে সুপারিশ করতে হলে আইনানুগভাবে তা করতে হবে। প্রধানমন্ত্রীও জেলা প্রশাসকদের আইনগতভাবে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন।”
জেলা প্রশাসকরা অনেক প্রস্তাব করলেও সব প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয় না বলেও জানান মোশাররাফ হোসাইন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের পরিধি বাড়ানোর প্রস্তাবটি আইনমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।
“তবে বিভাগীয় কমিশনারদের পদ মর্যাদা বাড়ানোর বিষয়ে কেউ বলেনি। আমরা এটি পায়োরিটি বিষয় বলে মনে করি না।”
এবার সম্মেলনের আগে নিয়মানুযায়ী জেলা প্রশাসকরা ৩০৭টি প্রস্তাব পাঠিয়েছিলেন। বিভিন্ন কার্য অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও দফতর প্রধানের সামনে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য তুলেও ধরেছেন জেলা প্রশাসকরা।
অধিবেশনগুলোতে মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তা হিসেবে সাত বিভাগীয় কমিশনারও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ৩৯টি মন্ত্রণা্লয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ২০টি কার্য অধিবেশনসহ মোট ২৪টি অধিবেশনের মাধ্যমে বৃহস্পতিবার শেষ হয় ডিসি সম্মেলন।
