চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার
চট্টগ্রামে অপহরণের এক মাস পর একটি শিশু উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর বাকলিয়া থানার আবদুল লতিফ হাট এলাকার একটি বাসা থেকে ছয় বছর বয়সী আজগরকে উদ্ধার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
ওই শিশুকে অপহরণে জড়িত থাকার অভিযোগে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২২) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি মহসিন বলেন, গত ১২ জুন নগরীর নতুন ব্রিজ সংলগ্ন বাস্তুহারা কলোনির বাসিন্দা মহিষ ফকিরের ছেলে আজগরকে কে বা কারা অপহরণ করে। এ ঘটনায় ৩০ জুন আজগরের বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেন।
“পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবদুল লতিফ হাটের একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং ওই তরুণীকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তার জান্নাতের বাড়ি সাতকানিয়ায়। তিনি আবদুল লতিফ হাট এলাকায় গার্মেন্টসকর্মী পরিচয় দিয়ে বাসা ভাড়া করে থাকতেন।
শিশু আজগরকে অপহরণ করলেও তার পরিবারের কাছ থেকে কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।
কী কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিল সে ব্যাপারে জান্নাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মহসিন।
