২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা দরকার আছে, টিআইবি নিয়ে বনমন্ত্রী

আওয়ামী লীগের মন্ত্রী ও সাংসদরা টিআইবির বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে এলেও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারের সমালোচনা মেনে নেয়ার দরকার আছে।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 08:08 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

‘প্রমাণ করতে না পারলে টিআইবিকে ক্ষমা চাইতে হবে’
সংসদে টিআইবিকে নিয়ে ঝড়
টিআইবি'র উচিত সঠিক তথ্য দিয়ে রিপোর্ট করা: স্পিকার
খালেদা আর টিআইবির কথা একই: সেলিম

‘যারা সমালোচনা হৃষ্টচিত্তে নেয় না তারা সঠিকভাবে কাজও করে না’  বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পরিবেশ ও বনমন্ত্রী  মঞ্জু।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যক্রমে সন্তোষ জানিয়ে তিনি বলেন, “সমালোচনার প্রয়োজন আছে। আমরা সমালোচনা মোটেই শুনতে চাই না। শুনতে পারি না, অভ্যস্ত নই। সমালোচনাকে যারা হৃষ্টচিত্তে গ্রহণ করতে পারে না, তাদের দ্বারা কোনো কিছু সঠিকভাবে পরিচালনা করাও মনে হয় সম্ভব নয়।”

বুধবার রাজধানীতে ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসন: প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে টিআইবির অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

টিআইবির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের প্রতি দৃষ্টি রাখবেন। সমালোচনা করবেন, আলোচনা করবেন।

“টিআইবির নির্বাহী পরিচালকও আমার মন্ত্রণালয়ে এসেছিলেন। সে ভদ্রতা, শালীনতার প্রতিদান হিসেবে আমিও ব্যক্তিগতভাবে এসেছি এখানে। প্রস্তুত হয়ে এসেছি-এতো বকাটকা [সহাস্যে] শুনতে হবে।”

বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে সরকারের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি বজায় থাকবে বলে  মনে করেন আনোয়ার হোসেন মঞ্জু।

টিআইবির প্রশংসা করে তিনি বলেন, “একটা চেক অ্যান্ড ব্যালান্স থাকা দরকার। সে দিক থেকে টিআইবিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অনেকে টিআইবির সমালোচনা করেন, তাদের রিপোর্ট প্রত্যাহার করার দাবি করেন। আমি কোনো দিন করবো না, কোনো দিন করবো না। কিন্তু এক কাপ চা হয় আমি খাওয়াবো, নয় আপনি আমাকে খাওয়াবেন।

“এর বাইরে আমি যাবো না। কেননা এর প্রয়োজন আছে। আমরা সমালোচনা মোটেই শুনতে চাই না। শুনতে পারি না, অভ্যস্ত নই।”

‘বিবেকের কাছে দায়বদ্ধ’ থেকে কাজ করায় সমালোচনা মোকাবেলা করতে পারছেন বলে মন্তব্য করেন পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, “আমি এখানে আসলাম-আপনারা কিভাবে, কতভাবে আমাদের মন্ত্রণালয়কে আক্রমণ করেন; আমাদের কার্যকলাপকে তছনছ করেন-সেটা জানার জন্যে, বোঝার জন্যে আমি এসেছি।

“আমি এসব সমালোচনা মোকাবেলা করতে ভীত নই। কারণ, আমি বা আমরা [যারা আমার মন্ত্রণালয়ে আছি] আমাদের বিবেক মতো কাজ করি।”

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজন সাপেক্ষে অগ্রাধিকারভিত্তিতে বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

জলবায়ু অর্থায়নে সুশাসন নিয়ে টিআইবির কার্যপত্রকে স্বাগত জানান তিনি।

দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরে অনিয়ম দুর্নীতির বিষয়ে মানুষের মনে যেসব প্রশ্ন জাগে তা থেকে ‘যতদূর সম্ভব’ নিজেকে ও তার  মন্ত্রণালয়কে দূরে রাখার চেষ্টা করেছেন বলে দাবি করেন আনোয়ার হোসেন মঞ্জু।

“এটা একজনের কাজ নয়, শুধু মন্ত্রণালয়ের একার কাজ নয়। এখন তো সরকারের আমি সবকিছু মুখস্ত বলতে পারব। গম যায়, চাল যায়, ডাল যায়-সব জায়গায় কিছু ওয়েস্টেজ হয়। এ ওয়েস্টেজকে অ্যাবসলিউড করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব,” বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকার গঠিত তহবিল আগামীতে আরো বাড়ার আশা রাখেন মন্ত্রী।

তিনি বলেন, “আমাদের নিজেদের টাকা নিয়ে প্রধানমন্ত্রী যে ট্রাস্ট ফান্ড করেছেন, এর আগে বঙ্গবন্ধুও করেছিলেন-ফুড ফর ওয়ার্ক। পরবর্তীকালে কোটি কোটি টন গম-চাল-ডাল সাহায্য এসেছে। এটা বঙ্গবন্ধু প্রথমে নিজের সম্পদ দিয়ে করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ। কারণ যারা আমাদের দেবে তারা আগে আমাদের ইনটেনশনটা দেখে দেবে…তখন তারাও কিছুটা এগিয়ে আসবেন।”

রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে এরশাদ সরকারের সাবেক মন্ত্রী মঞ্জু বলেন, “কে আসছে ডেনমার্ক-নেদারল্যান্ডস থেকে এসেছে, সে আমার চেয়ে বেশি বুঝবে? যে জুতা পরে সে জানে প্যারেকটা কোথায় তাকে আঘাত করবে সে জানে। আমরা যারা ৩০/৩৫ বছর পর্যন্ত আছি—হতাশ হওয়ার কিছু নেই। ১৯৭২-৭৩ সাল থেকে আজকে সর্বত্র অনেক পরিবর্তন হয়েছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।