২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি'র উচিত সঠিক তথ্য দিয়ে রিপোর্ট করা: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর রিপোর্টের তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার সংসদে সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ টিআইবি'র সর্বসাম্প্রতিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললে স্পিকার বলেন, "টিআইবি'র উচিত সঠিক তথ্য দিয়ে রিপোর্ট করা । এ ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে তাদের সতর্ক হওয়া উচিত।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর রিপোর্টের তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার সংসদে সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ টিআইবি'র সর্বসাম্প্রতিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললে স্পিকার বলেন, "টিআইবি'র উচিত সঠিক তথ্য দিয়ে রিপোর্ট করা । এ ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে তাদের সতর্ক হওয়া উচিত।" তিনি বলেন, "কোরাম সংকট নিয়ে এই সংসদের যাত্রা শুরু হয়নি। এ ধরনের তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।" গত ৪ জুলাই 'পার্লামেন্ট ওয়াচ' শিরোনামের টিআইবির এক প্রতিবেদনে দাবি করা হয়, কোরাম সঙ্কটের কারণে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অপচয় হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। এতে বলা হয়, কোরাম সঙ্কটের কারণে সংসদের প্রথম অধিবেশনে ২৫ ঘণ্টা ৪৮ মিনিট সময় নষ্ট হয়েছে। প্রতিদিন গড়ে সময় নষ্ট হয়েছে প্রায় ৪০ মিনিট। সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে আব্দুস শহীদ অভিযোগ করেন, বার্লিন-ভিত্তিক দুর্নীতিবিরোধী এই সংস্থাটি তাদের ওই 'ভুল' রিপোর্টের মাধ্যমে জাতীয় সংসদ এবং দেশের জনগণের অবমাননা করেছে। চিফ হুইপ বলেন, "আমি জানিনা টিআইবি কিভাবে এই তথ্য পেল যে, কোরাম সঙ্কটের কারণে সংসদের প্রথম অধিবেশনে অপচয় হয়েছে ৫ কোটি ৪০ লাখ টাকা।" টিআইবি রিপোর্টে সংসদ অধিবেশনে সময় নষ্ট হয়েছে বলে যে দাবি করা হয় সে বিষয়ে আব্দুল হামিদ বলেন, নির্ধারিত সময়ের চেয়ে বড়জোর ১২ মিনিট পর অধিবেশন শুরু হয়েছে। অনুষ্ঠানে দেরী করে যাওয়ার অভ্যাস রয়েছে বাঙালির। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,"আমি সুশীল সমাজের সদস্যদের আয়োজিত অনেক অনুষ্ঠানে গিয়েছি। অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়েছে। এ অভ্যাস থেকে কিছুটা হলেও সংসদ বেরিয়ে এসেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/২০২৫ ঘ.