২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রমাণ করতে না পারলে টিআইবিকে ক্ষমা চাইতে হবে’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি-অনিয়ম নিয়ে গবেষণা প্রতিবেদনের সত্যতা প্রমাণ করতে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 07:26 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি বলেন, “টিআইবি যদি তাদের গবেষণা প্রতিবেদনের সত্যতা প্রমাণ না করতে পারে তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”  

এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

গত সোমবার টিআইবির এক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, অডিট, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০  টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে গবেষণায়।

পরদিন প্রতিবেদনে উল্লেখিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনসহ উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগে আর্থিক লেনদেনের ঘটনা সত্য নয় দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সংসদে নাহিদ  বলেন, “তাদের প্রতিবেদন প্রত্যাহার করতে বলি, অথবা প্রমাণ করতে বলি। প্রমাণ করতে না পারলে তা প্রত্যাহার করে নিতে হবে। না হলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

“এভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার কোনো অধিকার টিআইবির নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, কী প্রমাণ আছে, কী সাক্ষ্য আছে তা অবিলম্বে হাজির করুন। তা না হলে প্রতিবেদন প্রত্যাহার করে নিন, দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুন।”

এ প্রতিবেদনের পরে মন্ত্রণালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

টিআইবির উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “আমি আবারও আহ্বান জানাচ্ছি- প্রমাণ দিন, আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমরা নিজেরাই তদন্ত করে বের করার চেষ্টা করেছি। আজকেই সে কাজ শুরু হয়েছে।
 

“তাদের হাতে কোনো প্রমাণ নেই। শুধু সরকারকে হেয় করতে, জনগণকে বিভ্রান্ত করতে তারা এ ধরনের প্রতিবেদন দিয়েছে।”
 

বুধবারও সচিবালয়ে টিআইবির প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি দাবি করেন, গবেষণার জন্য দুই বছর ধরে অনুসন্ধান চালালেও মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা বলেনি টিআইবি।