সংসদে টিআইবিকে নিয়ে ঝড়
টিআইবির নির্বাহী পরিচালকসহ কর্মকর্তাদের তলবের দাবি তুলেছেন সংসদ সদস্যরা; দাবি উঠেছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়ারও।
নিজেদের নিয়ে প্রতিবেদনকে কেন্দ্র করে একযোগে দুর্নীতিবিরোধী এই সংস্থার সমালোচনার মুখর হয়েছেন সংসদ সদস্যরা।
সোমবার সংসদ অধিবেশনে সমালোচনার পাশাপাশি টিআইবির নির্বাহী পরিচালকসহ কর্মকর্তাদের তলবের দাবিও ওঠে; দাবি ওঠে জার্মানভিত্তিক এই প্রতিষ্ঠানের এ দেশে কার্যক্রম বন্ধ করে দেয়ারও।
অনির্ধারিত এই আলোচনায় স্পিকার আবদুল হামিদও টিআইবির সমালোচনা করেন। তার বক্তব্যে টিআইবির এই প্রতিবেদনের উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশিত হয়।
দেশের অর্ধেক সংসদীয় আসনের সদস্যদের ওপর ‘গবেষণা’ চালিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কর্মকাণ্ডে’ জড়িত।
প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, অপরাধমূলক কার্যক্রমে জড়িত হওয়ায় সমর্থন, সরকারি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন, মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেয়াসহ বিভিন্ন অভিযোগ আসে সংসদ সদস্যদের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সংসদে টিআইবি নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান। এরপর বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন।
স্পিকার প্রতিবেদনের সমালোচনার পাশাপাশি ঢালাওভাবে দোষ না দিয়ে সংসদ সদস্যদের ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সুনির্দিষ্ট করতে টিআইবির প্রতি পরামর্শ দিয়ে আলোচনার আপাত ইতি টানেন।
“আমরা মানুষ, ফেরেস্তা নই। ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। ঠিকভাবে বলেন। তাহলে তো আমরা সংশোধিত হতে পারি।”
সবার বক্তব্য শুনে স্পিকার বলেন, এ বিষয়ে জ্যেষ্ঠ সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে সংসদকে সিদ্ধান্ত জানানো হবে।
আলোচনার অবতারণা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম টিআইবির কার্যক্রম বন্ধ করে দেয়ার দাবি জানান।
এরপর সংসদ সদস্যদের মধ্যে অনেকে আলোচনায় অংশ নিতে চাইলে স্পিকার বলেন, “আমি আপনাদের সেন্টিমেন্ট বুঝি। তবে এখন তো সবাইকে সুযোগ দেয়া যাবে না।”
আলোচনায় অংশ নেয়া মহাজোটের অধিকাংশ সংসদ সদস্য ১৫ কোটি জনগণের মধ্য থেকে মাত্র ৬০০ জনের মতামত নিয়ে প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করেন।
নির্বাচনের এক বছর আগে এই প্রতিবেদন প্রকাশের অন্য উদ্দেশ্য রয়েছে বলেও তারা সন্দেহ প্রকাশ করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “টিআইবি’কে ডাকেন। ডেকে বলেন, তাদের কাছে কী তথ্য আছে? প্রিভিলেজ কমিটির মিটিং ডাকেন। যারা এই রিপোর্ট দিয়েছেন- তাদের কাছ থেকে তথ্য চান।”
সংসদ সদস্যরা তখন টেবিল চাপড়ে টিআইবি কর্মকর্তাদের তলবের এই দাবির প্রতি সমর্থন প্রকাশ করেন।
তোফায়েল বলেন, “১৬ কোটি লোকের মধ্যে ৬০০ জনের কাছ থেকে তথ্য নিয়ে টিআইবি এই কাজটি অনৈতিক করেছে। এভাবে এই কাজটি করার অধিকার টিআইবির নেই।”
নির্বাচনের আগে এই ধরনের প্রতিবেদন প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, “আপনি-আমি রাজনীতি করি। আমরা পোড় খাওয়া মানুষ। নির্বাচনের এক বছর আগে এই রির্পোট দিলেন!”
টিআইবি ঢালাওভাবে সংসদ সদস্যদের চরিত্র হনন করে সংসদকে অকার্যকর করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন শেখ সেলিম।
“ওয়ান-ইলেভেনের পর তারা বিভিন্ন জেলায় গিয়ে তাদের পছন্দমতো লোক খুঁজেছিল। এদের অনেকের জামানত বাজেয়াপ্ত হয়। অনেকে ভয়ে নির্বাচন করেই নাই। তারা মাইনাস টু থিউরিতে ব্যর্থ হয়ে তৃতীয় শক্তি উত্থানের চেষ্টা চালাচ্ছে। তা হতে দেবে না বাংলাদেশের জনগণ।”
সংসদ সদস্যদের ‘অনৈতিক কর্মকাণ্ড রোধে’ আইন করার সুপারিশের সমালোচনা করে শেখ সেলিম বলেন, “আইন করতে চান? আইন করতে চাইলে তো সংসদে আসতে হবে। তারা কারা ? জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।
“অনেক এনজিও কর্মকর্তা বিলাসী জীবন-যাপন করেন। দুদককে বলব, এদের দেখেন। টিআইবি নিজেদের সুপার পাওয়ার মনে করে। এরা সীমা লঙ্ঘন করছে।”
দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটিকে সংসদের বিশেষ অধিকার কমিটিতে তলব এবং তাদের কর্মকর্তাদের সম্পদ নিয়ে অনুসন্ধান চালাতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।
জাতীয় পার্টির মুজিবুল হক বলেন, “টিআইবি আমাকে দাওয়াত করেছিল, আমি বলেছিলাম, এই হলের ভাড়া আর খাওয়ার খরচ কোথায় থেকে এল, তা আমায় পাঠবেন। এখনো তা পাঠায়নি।
“আমি চ্যালেঞ্জ দিচ্ছি- ইফতেখারুজ্জামান (টিআইবির নির্বাহী পরিচালক) তা পাঠাতে পারবেন না। নির্বাচনের আগে এই রিপোর্ট দেবেন, এটা উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক।”
জাসদের শাহ জিকরুল আহমেদ বলেন, “এনজিওকর্মীরা, যারা এই রিপোর্ট করেছেন, তাদের আয়কর নথি দেয়া হোক, ছয়শ’ লোকের আয়কর নথি জনগণের সামনে প্রকাশ করা হোক।
“আমি আমার আয়কর নথি দেব। যদি কোনো ভুল থাকে, তাহলে আমি পদত্যাগ করব।”
আওয়ামী লীগের সংসদ সদস্য তারানা হালিম এই প্রতিবেদন নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করেন।
আওয়ামী লীগের সুবিদ আলী ভূইয়া বলেন, “আমাদের দেশের কিছু কিছু মহল আছে, যা ইচ্ছা তা বলে। এটা বাক স্বাধীনতা নয়। তা করে আমাদের চরিত্র হনন করা হচ্ছে।”
টিআইবির প্রতিবেদনের মাধ্যমে দেশের জনগণকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের নূরুল ইসলাম সুজন। আওয়ামী লীগের নাজমা আক্তার বলেন, “আমরা এই রিপোর্ট প্রত্যাখ্যান করছি।”
স্পিকার বলেন, টিআইবি ৯৭ শতাংশ সংসদ সদস্যকে নিয়ে প্রতিবেদন দিল। কিন্তু ৯৭ শতাংশ জায়গাই তো তারা গেল না।
“ছয়শ লোক মনোনীত করল, এরা কারা? এরা কি তাদের বেতনভুক্ত লোক, না কোনো দলের লোক?”
“সরকারি দল ভালো না, বিরোধী দল ভালো না। তাহলে দেশটা পরিচালনা করবে কে? ইজ ইট টিআইবি? নির্বাচন করেন, জনগণ যদি তাদের ক্ষমতায় বসায় তখন সব ইতিবাচক হবে।”
