নকল অ্যান্টিবায়োটিক তৈরিতে একজনের দণ্ড
রাজধানীতে ভেজাল ওষুধ তৈরির দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত আমিনুল এহসান (৪০) রাজধানীর তোপখানা রোডের বাসিন্দা। গত সাড়ে তিন বছর ধরে নিজের বাড়িতেই নকল অ্যান্টিবায়োটিক তৈরি করে মিটফোর্ডে বিক্রি করতেন তিনি।
র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বুধবার সকালে তোপখানা রোডের ২৭/৭/এ নম্বর বাড়িতে অভিযান চালান র্যাব-২ এর সদস্যরা। পাঁচতলা ওই বাড়ির নিচতলার তিনটি ঘরে নকল অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
“জিজ্ঞাসাবাদে আমিনুল বলেন, ১০ বছর আগে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। পরে ওই চাকরি ছেড়ে দিয়ে সাড়ে তিন বছর ধরে নিজের বাড়িতে নকল ওষুধ তৈরি করতেন।”
প্রতি সপ্তাহে প্রায় এক লাখ টাকার নকল অ্যান্টিবায়োটিক ওষুধ তিনি মিটফোর্ডে বিক্রি করতেন।
দুই বছরের কারাদণ্ড ছাড়াও আমিনুলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অর্থ না দিলে তাকে আরো তিন মাস কারাগারে কাটাতে হবে।
অভিযানে র্যাব-২ এর উপপরিচালক দিদারুল আলম ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. অজিউল্লাহ উপস্থিত ছিলেন।
